মাঝরাতে নার্সিংহোমে তাণ্ডব, অসুস্থ রোগীদের টেনে বের করার অভিযোগ!

এবেলা ডেস্কঃ
নিউটাউনে নার্সিংহোমে হামলা ও রোগী উচ্ছেদের অভিযোগ, নেপথ্যে ভাড়ার বিবাদ
নিজস্ব প্রতিবেদন, নিউটাউন: মঙ্গলবার গভীর রাতে নিউটাউনের একটি নার্সিংহোমে একদল দুষ্কৃতী হামলা চালিয়ে রোগী ও কর্মীদের মারধর করে নার্সিংহোম খালি করে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ একদল লোক জোর করে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষী, নার্স ও কর্মীদের মারধর করে। সেই সময় চিকিৎসাধীন রোগীদের জোর করে বেড থেকে তুলে চ্যানেল খুলে বাইরে বের করে দেওয়া হয়। বুধবার ভোররাত পর্যন্ত এই তাণ্ডব চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় এবং নার্সিংহোমে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক ও নার্সিংহোম কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, বাড়ির মালিকের লোকজনই তাদের প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
অন্যদিকে, বাড়ির মালিক হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ২০১৯ সাল থেকে মাসিক ২০ লক্ষ টাকা ভাড়ার চুক্তিতে সম্পত্তিটি লিজ দেওয়া হলেও গত কয়েক বছরে ৯ কোটি টাকারও বেশি ভাড়া বকেয়া রয়েছে। এছাড়া, ২০২৫ সালের জুলাই মাস থেকে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই নার্সিংহোমটি চলছিল বলে দাবি করেন বাড়ির মালিক।
বিধাননগর কমিশনারেটের এক পদস্থ আধিকারিক জানান, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। তিনি আরও বলেন, “মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
