মাঝ আকাশে ৩০০ ফুট নিচে আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! কেন্দ্রের জরুরি তলব সিইও-কে – এবেলা

এবেলা ডেস্কঃ
ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে চরম বিপত্তির ঘটনার জেরে সংস্থার বিদায়ী সিইও ক্যাম্পবেল উইলসনকে তলব করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মঙ্গলবার দিল্লির সদর দফতরে তাঁকে তলব করে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন (MoCA) এবং বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (DGCA)। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ানে গোলযোগের খবর সামনে আসায় AI2379 উড়ানের এই ঘটনা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র।
কী ঘটেছিল মাঝ আকাশে?
গত ৪ অগস্ট ফুকেত থেকে দিল্লি ফেরার পথে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস A320 বিমানটি চরম টার্বুলেন্সের (তীব্র ঝাঁকুনি) মুখে পড়ে। বিমানটি ক্রুজিং উচ্চতায় থাকা অবস্থায় আচমকাই প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য সামান্য আহত হন।
তবে প্রাথমিক তদন্তে শুধুমাত্র আবহাওয়া নয়, বিমানের একাধিক গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কথা সামনে এসেছে:
- অটোপাইলট বিকল: মাঝ আকাশে হঠাৎই বিমানের অটোপাইলট সিস্টেম বন্ধ হয়ে যায়।
- কন্ট্রোল স্টল ওয়ার্নিং: সহ-পাইলট ম্যানুয়ালি বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার পর স্ক্রিনে ‘ফ্লাইট কন্ট্রোল স্টল ওয়ার্নিং’ ভেসে ওঠে।
- সিস্টেম ফেলিওর: বিমানের বেশ কিছু ইন্ডিকেটর সুইচ সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়।
- হাইড্রলিক সমস্যা: বিমানে চলাচলের অন্যতম প্রধান হাইড্রলিক সিস্টেমেও যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
যদিও সমস্ত প্রতিকূলতা সামলে শেষ পর্যন্ত বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
আন্তর্জাতিক নিয়মে তদন্ত ও পাইলটকে নিয়ে সন্দেহ
বর্তমানে এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। আন্তর্জাতিক সংস্থা ICAO-র ‘অ্যানেক্সার ১৩’ নিয়ম মেনে পুরো প্রক্রিয়াটি চালানো হচ্ছে। তদন্ত চলাকালীনই সিইও-কে ডেকে পাঠানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এরই মধ্যে বিমানের চালককে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্কা। প্রাথমিক সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স স্ক্রিনিংয়ে (মাদক পরীক্ষা) পাইলটের রিপোর্টে কিছু অসঙ্গতি ধরা পরায় দ্বিতীয়বার ‘কনফার্মেটরি টেস্ট’ করা হয়েছে, যার চূড়ান্ত ফল আসা এখনো বাকি।
তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, DGCA-র নিয়ম মেনে ফুকেত-দিল্লি উড়ানের পর সব বিমানকর্মীর নিয়মিত পরীক্ষা করা হয়েছিল। সেই ফলাফলের কপি এখনও বিমান সংস্থার হাতে পৌঁছায়নি। একদিকে প্রযুক্তিগত বিপর্যয় এবং অন্যদিকে পাইলটের ডোপ টেস্টের রিপোর্ট— জোড়া সংঙ্কটে এয়ার ইন্ডিয়ার এই ঘটনা এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।
