মাত্র ৩ মিনিটে শেষ লোকসভার বাদল অধিবেশন! ধ্বনিভোটে পাস ১০টি বিল, চা-চক্র বয়কট বিরোধীদের – এবেলা

মাত্র ৩ মিনিটে শেষ লোকসভার বাদল অধিবেশন! ধ্বনিভোটে পাস ১০টি বিল, চা-চক্র বয়কট বিরোধীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা হট্টগোল, বিক্ষোভ এবং তীব্র বাদানুবাদের মধ্য দিয়েই নির্ধারিত সময়ের আগেই সাঙ্গ হলো সংসদের ঝোড়ো বাদল অধিবেশন। বৃহস্পতিবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের প্রতিবাদে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হন। শাসক ও বিরোধীদের তীব্র বিশৃঙ্খলার মাঝেই জাতীয় গীত ‘বন্দে মাতরম্’ পরিবেশনের পর মাত্র ৩ মিনিট ১০ সেকেন্ডের মাথায় লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। ফলপ্রসূ আলোচনার সুযোগ না থাকায় স্পিকার ওম বিড়লা তাঁর প্রথাগত সমাপ্তি ভাষণও পাঠ করেননি।

কাগজে-কলমে এই অধিবেশনে ১১টি বিল পাস হলেও, তার মধ্যে ১০টি বিলই চরম হট্টগোলের মুখে কার্যত কোনো আলোচনা ছাড়া মাত্র কয়েক মিনিটের ধ্বনিভোটে পাস করিয়ে নেওয়া হয়। এছাড়া বিতর্কিত ‘এফসিআরএ’ সংশোধন বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হলেও কমেনি রাজনৈতিক উত্তাপ। সংসদ চত্বরে দুই শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভের পাশাপাশি প্রথা অনুযায়ী স্পিকারের দেওয়া সৌহার্দ্যপূর্ণ চা-চক্র একযোগে বয়কট করেন বিরোধী নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *