মাথাভাঙায় বল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর

কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের নাম ইরফান হক (৭) এবং রোহিত আলম (৫)। সম্পর্কে তারা কাকাতো ভাই। শনিবার বাড়ির পাশেই তারা ফুটবল খেলছিল বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খেলার সময় বলটি বাড়ির পিছনে থাকা একটি জলভর্তি গর্তে পড়ে যায়। সেই বল উদ্ধার করতে গিয়েই দুই শিশু জলে তলিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা ধান কাটার কাজে ব্যস্ত থাকায় বিষয়টি প্রথমে কারও নজরে আসেনি। দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে বাড়ির পিছনের ওই গর্ত থেকে দুই শিশুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
