‘মাদক নিয়ে মুখ খোলাই কাল!’ বিচার না পেয়ে জেলাশাসকের দপ্তরে বিষ পানের চেষ্টা যুবকের – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 20267:58 am
গ্রাম জুড়ে অবাধে চলছে মাদকের রমরমা কারবার। বারবার পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি বিচার, উল্টে জুটেছে মাদক কারবারিদের প্রাণনাশের হুমকি ও বেধড়ক মারধর! ক্ষোভ ও হতাশায় অবশেষে জেলাশাসকের দপ্তরের সামনেই বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন জগসীর সিং নামে এক যুবক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নিজের জেলা সঙ্গরুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, যা নিয়ে পাঞ্জাবের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ভিডিয়ো বানিয়ে সত্য উন্মোচন, তারপরই নেমে আসে অত্যাচার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঙ্গরুরের নামোল গ্রামের বাসিন্দা জগসীর এলাকায় মাদকের রমরমা কারবারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মাদক কারবারিদের পর্দাফাঁস করতে একটি ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। অভিযোগ, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই মাদক কারবারিরা তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া শুরু করে। এমনকি গত সপ্তাহে তাঁকে রাস্তা আটকে বেদম মারধরও করে দুষ্কৃতীরা।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মারধরের ঘটনার পর পুলিশের দ্বারে যান জগসীর। মাদক কারবারিদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অবশেষে কোনো উপায় না দেখে গত শুক্রবার বন্ধু মনজিন্দরকে সঙ্গে নিয়ে সঙ্গরুরের জেলাশাসকের দপ্তরে হাজির হন তিনি। তবে ভেতরে ঢুকতে না পেরে কার্যালয়ের বাইরেই বিষাক্ত পদার্থ খেয়ে নেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়েই সঙ্গরুর সিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি জগসীরকে উদ্ধার করে প্রথমে সঙ্গরুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। সঙ্গরুর সিটি থানার এসএইচও (SHO) মনপ্রীত সিংহ জানান, যুবকের চিকিৎসা চলছে। সুস্থ হলে তাঁর বয়ান নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।
মুখ্যমন্ত্রীর জেলা ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক ‘ড্রাগ ফ্রি পাঞ্জাব’-এর প্রতিশ্রুতি দেওয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নিজের জেলাতেই এমন ঘটনায় আপ (AAP) সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস ও বিজেপি। পাঞ্জাব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা সচিন পাইলট বলেন, “মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হুমকি ও আক্রমণ পেতে হচ্ছে, এটি স্পষ্টতই প্রশাসনের চরম ব্যর্থতা।” অন্যদিকে বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর নিজের জেলার যদি এই অবস্থা হয়, তবে বাকি রাজ্যের অবস্থা কেমন তা সহজেই অনুমেয়।”
