মাদ্রিদে সাত মাস, লন্ডন দিচ্ছে ডাক! চেলসির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জাবি আলোনসো

লন্ডনের ক্লাব চেলসিতে কোচ বদল এখন যেন এক নিয়মিত দস্তুর হয়ে দাঁড়িয়েছে। নতুন মালিকানাধীন ‘ব্লুজ’ শিবিরে ফের নতুন মুখ ও নতুন দর্শনের খোঁজ শুরু হয়েছে। ফুটবল বিশ্বে জোর গুঞ্জন, স্ট্যামফোর্ড ব্রিজের পরবর্তী হেডকোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন স্প্যানিশ তারকা জাবি আলোনসো। ‘দ্য অ্যাথলেটিক’-এর রিপোর্ট অনুযায়ী, ক্যালাম ম্যাকফারলেনের উত্তরসূরি হিসেবে আলোনসোর নামই এখন চেলসি কর্তৃপক্ষের সংক্ষিপ্ত তালিকায় সবার উপরে।
রিয়ালে ব্যর্থতা বনাম লেভারকুসেনের সাফল্য
কার্লো অ্যান্সেলোত্তির উত্তরসূরি হিসেবে মাত্র সাত মাস আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলোনসো। শুরুটা দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত জানুয়ারিতে তাঁকে বরখাস্ত করা হয়। তবে মাদ্রিদে ব্যর্থ হলেও বায়ার লেভারকুসেনে তাঁর ঐতিহাসিক সাফল্যের কথা ভোলেনি ফুটবল বিশ্ব। ২০২৩-২৪ মরসুমে লেভারকুসেনকে অপরাজিত থেকে বুন্দেসলিগা জেতানো এবং ইউরোপা লিগের ফাইনালে তোলার কারিগর ছিলেন তিনিই। আলোনসোর বল পজেশন ভিত্তিক ফুটবল এবং ৩-৪-২-১ সিস্টেম চেলসির বর্তমান স্কোয়াডের জন্য আদর্শ হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
ইরাওলার চ্যালেঞ্জ ও চেলসির অনিশ্চয়তা
আলোনসোর পাশাপাশি চেলসির রাডারে রয়েছেন বোর্নমাউথের আন্দোনি ইরাওলা। হাই-প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত ইরাওলা বারবার প্রধান ফুটবলারদের হারিয়েও বোর্নমাউথকে যেভাবে কক্ষপথে রেখেছেন, তা চেলসি মালিকপক্ষের নজর কেড়েছে। তবে মূল সমস্যা কোচের দর্শন নিয়ে নয়, বরং চেলসির নিজস্ব পরিচয় নিয়ে। গত কয়েক বছরে স্ট্যামফোর্ড ব্রিজ কার্যত একটি ‘ফুটবল ল্যাবরেটরি’তে পরিণত হয়েছে, যেখানে দীর্ঘমেয়াদী প্রজেক্টের চেয়ে তাৎক্ষণিক ফলাফলের গুরুত্ব বেশি। জাবি আলোনসো শেষ পর্যন্ত লন্ডনের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
