মানসিক রোগের এই নামী সরকারি হাসপাতালে শয্যা বাড়ছে একধাক্কায় ২০০টি, সুযোগ মিলবে নতুন চাকরিতেও – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি মানসিক চিকিৎসা ক্ষেত্রকে আরও সুদৃঢ় করতে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে পরিচিত কলকাতার পাভলভ হাসপাতালে রোগীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে শয্যা সংখ্যা একলাফে ২০০টি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগে এই হাসপাতালে ২৫০টি শয্যার ব্যবস্থা থাকলেও এখন থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে মোট ৪৫০টিতে। মূলত হাসপাতালে শয্যা সংকটের নিরসন ঘটিয়ে সাধারণ রোগীদের জন্য আরও উন্নত মানের ও আধুনিক মানসিক চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রশাসনিক পদক্ষপ নেওয়া হয়েছে।
শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাব্যবস্থাকে মসৃণ ও গতিশীল রাখতে হাসপাতালে মোট ৭৯টি নতুন পদ তৈরির প্রশাসনিক অনুমোদনও মিলল। এই নতুন সৃষ্ট পদগুলির মধ্যে ৩ জন বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার, ৬৫ জন স্টাফ নার্স, ৫ জন ফার্মাসিস্ট, ২ জন স্টোরকিপার, ২ জন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ২ জন অ্যাম্বুল্যান্স চালক অন্তর্ভুক্ত রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স চালকের পদ দুটিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হলেও বাকি সব ক্ষেত্রে প্রচলিত নিয়োগবিধি কঠোরভাবে মেনে স্বচ্ছতার সাথে কর্মী নিয়োগ সম্পন্ন করতে বিশেষ সতর্কতা ও নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য দফতর।
