মানিব্যাগ ফেলার টোপ! মন্দিরে যাওয়ার পথে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে নৃশংস খুন স্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
পরকীয়ার জেরে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ঘটে গেল এক শিউরে ওঠার মতো খুনের ঘটনা। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বামীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল খোদ স্ত্রীর বিরুদ্ধে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, এক বছরের একরত্তি সন্তানের সামনেই এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্তরা। ঘটনায় স্ত্রী ও তার প্রেমিক-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কীভাবে কষা হয়েছিল খুনের নিখুঁত ছক? পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর সুলাগিরির বাসিন্দা রমেশের সঙ্গে হাসিনীর বিয়ে হয়েছিল দু’বছর আগে। কিন্তু বিয়ের পরেও পুরনো প্রেমিক যুগন্ধরের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক বজায় রেখেছিল হাসিনী। পথের কাঁটা স্বামী রমেশকে সরাতে যুগন্ধরের সঙ্গে মিলে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করে সে।
পরিকল্পনা অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের গুডিপাল্লি মণ্ডলের মল্লেশ্বর স্বামী মন্দিরে পুজো দেওয়ার নাম করে স্বামীকে রাজি করায় হাসিনী। এরপর স্বামী ও এক বছরের শিশুকন্যাকে নিয়ে বাইকে করে মন্দিরের দিকে রওনা দেয় সে। যাত্রাপথে নিজের মোবাইলের ‘লাইভ লোকেশন’ অনবরত প্রেমিক যুগন্ধরকে পাঠাতে থাকে স্ত্রী।
মানিব্যাগ ফেলার টোপ ও নৃশংস পরিণতি পাহাড়ি রাস্তার তৃতীয় বাঁকের কাছে আসতেই নাটকীয়ভাবে নিজের মানিব্যাগটি ফেলে দেয় হাসিনী। রমেশ বাইক থামিয়ে সেই ব্যাগ তুলতে গেলেই আগে থেকে ওত পেতে থাকা যুগন্ধর ও তার দলবল রমেশের উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, শিশুকন্যার চোখের সামনেই রমেশকে মারধর করে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে গিয়ে খুন করে তারা।
সিসিটিভি ও প্রযুক্তিই ফাঁস করল আসল রহস্য ঘটনার পর হাসিনী ও তার সন্তান বাড়ি না ফেরায় হাসিনীর মা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ ওই মন্দিরের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবাক হয়ে যায়। ফুটেজে স্পষ্ট দেখা যায়, যাওয়ার সময় রমেশ বাইক চালালেও ফেরার সময় হাসিনীর সঙ্গে অন্য পুরুষরা রয়েছে। এরপর কল রেকর্ড ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে রমেশের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ইতিমধ্যেই ডিজিটাল প্রমাণের ভিত্তিতে স্ত্রী হাসিনী, প্রেমিক যুগন্ধর এবং তাদের দুই সহযোগীকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। একরত্তি শিশুকন্যার সামনে এমন পৈশাচিক খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
