‘মানুষের সঙ্গে খেলছেন আপনারা!’ নাগরিকত্ব নির্ধারণ নিয়ে খোদ হাইকোর্টের কড়া ধমকে তোলপাড় প্রশাসন – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আবেদন অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা সত্ত্বেও চার ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণের উদ্যোগ নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিলাসপুরের ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসারের (FRO) ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে বিচারপতি কৃষ্ণা রাও সাফ জানিয়েছেন, প্রশাসনের এই পরস্পরবিরোধী পদক্ষেপ সাধারণ মানুষের সঙ্গে প্রহসনের সামিল। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের চার বাসিন্দাকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিলাসপুরে আটকে রাখার প্রেক্ষাপটেই এই কড়া নির্দেশ এসেছে।
শুনানিকালে আদালত তীব্র ভাষায় মন্তব্য করে যে, ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন থাকা অবস্থায় কর্তৃপক্ষ নিজে থেকে নাগরিকত্ব নির্ধারণ করলে বিচারব্যবস্থার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। ২০০২ সালের SIR ভোটার তালিকায় নাম থাকা এবং সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভোটদান করার পরও ওই ব্যক্তিদের আটকের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি সংশ্লিষ্ট দফতরের কাছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছেন এবং আগামী ৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
