মায়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, মৃত অন্তত ১৭

মায়ানমারের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মো বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলাকালীন সামরিক বিমানের বোমাবর্ষণে এলাকাটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে অনুষ্ঠানস্থল কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং মৃতদেহ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৭টি মৃতদেহ ঘটনাস্থলে দেখা গেছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ও ছবিতে আহতদের উদ্ধার এবং মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, যদিও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মো বাই এলাকা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলগুলো বিরোধী সশস্ত্র গোষ্ঠীর প্রভাবাধীন।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। অ্যাকলেড-এর পরিসংখ্যান অনুযায়ী, এই সংঘাতে এক লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই হামলার বিষয়ে মায়ানমারের সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। সীমান্তবর্তী এই এলাকায় আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
