মারাদোনাকে ছাপিয়ে যাওয়ার মঞ্চে চোটমুক্ত মেসি, আলজেরিয়া ম্যাচেই কি শুরু হবে নতুন মহাকাব্য – এবেলা

মারাদোনাকে ছাপিয়ে যাওয়ার মঞ্চে চোটমুক্ত মেসি, আলজেরিয়া ম্যাচেই কি শুরু হবে নতুন মহাকাব্য – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরুর আগেই বড় স্বস্তি আর্জেন্টিনা শিবিরে। চোটের মেঘ কেটে গিয়ে ফুটবল মহাদেব লিওনেল মেসি এখন সম্পূর্ণ ফিট। কানসাসের অত্যাধুনিক বেসক্যাম্পে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট বা হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে না থাকা নিয়ে সমর্থকদের মনে যে আশঙ্কার দানা বেঁধেছিল, তা এক ঝটকায় উধাও। মেসি শুধু চোট সারিয়েই ফেরেননি, অনুশীলনে রীতিমতো গতি ঝড় তুলছেন। প্রথম ম্যাচের প্রথম মিনিট থেকেই আলজেরিয়ার বিরুদ্ধে তাঁর মাঠে থাকা এখন নিশ্চিত।

চোটমুক্ত মেসির সামনে এবার কিংবদন্তি দিয়েগো মারাদোনার এক অনন্য কীর্তি ভাঙার হাতছানি। আলজেরিয়ার বিরুদ্ধে টস করতে নামার মুহূর্তেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডে মারাদোনাকে টপকে যাবেন তিনি। কাতার জয়ের পর ট্রফির চাপমুক্ত মেসি এখন খেলছেন ফুটবলের বিশুদ্ধ আনন্দ থেকে, যা প্রতিপক্ষের জন্য আরও বেশি ভয়ঙ্কর।

মিনি-হাসপাতাল খালি করে ফিরছেন মার্টিনেজরা

আর্জেন্টিনা শিবিরের জন্য আরও একটি বড় স্বস্তির খবর হলো, দলের একাধিক তারকা চোট কাটিয়ে মূল স্কোয়াডে ফিরেছেন। হুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রে পারেদেস, কুটি রোমেরোদের মতো ফুটবলাররা এখন পুরোপুরি ফিট। সবচেয়ে বড় স্বস্তি গোলপোস্টের নিচে, প্রথম ম্যাচ থেকেই গ্লাভস হাতে বারের নীচে দাঁড়াবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ। কানসাসের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম থাকা কোলাহলপূর্ণ অ্যারোহেড স্টেডিয়ামে পূর্ণ শক্তি নিয়েই নামছে বিশ্বজয়ের অন্যতম ফেভারিটরা।

রক্ষণভাগের জোড়াতালি ও স্কালোনির চিন্তার ভাঁজ

সবকিছু ইতিবাচক হলেও কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলছে লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর চোট। তিনি এখনও আলাদা অনুশীলন করায় প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তাগলিয়াফিকোর অনুপস্থিতি এবং চোট সারিয়ে ফেরা মলিনা ও মনতিয়েলকে নিয়ে ডিফেন্স লাইন সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে কোচকে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ম্যাচে আক্রমণভাগে মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেজ। মাঝমাঠ সামলাবেন দে পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার। তবে আসল চমক থাকছে রক্ষণভাগে, যেখানে রাইট-ব্যাকে গিউলিয়ানো সিমিওনে এবং লেফট-ব্যাকে লিসান্দ্রো মার্তিনেজকে দিয়ে অনুশীলন করিয়েছেন স্কালোনি। সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন কুটি রোমেরো ও অভিজ্ঞ ওতামেন্দি। আমেরিকার তীব্র গরমের সাথে মানিয়ে নিতে শুরু থেকেই কড়া রোদে অনুশীলন করেছে দল। চোটের শঙ্কা আর রক্ষণের পরীক্ষা সামলে আলজেরিয়ার বিরুদ্ধে আরও একটি ফুটবল রোমান্টিসিজমের অধ্যায় লিখতে প্রস্তুত আর্জেন্টিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *