মার্কিন মুলুকে প্রজ্ঞার রাজত্ব! সেন্ট লুইস চেস জিতে ইতিহাস ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টারের – এবেলা

এবেলা ডেস্কঃ
৬৪ খোপের দাবার বোর্ডে ফের বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন দেশের তারকা গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘গ্র্যান্ড চেস ট্যুর: সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজ’-এর খেতাব নিজের নামে করে নিলেন এই ২০ বছর বয়সি তরুণ তুর্কি। প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা বাকি থাকতেই তাঁর এই ঐতিহাসিক ট্রফি জয় সুনিশ্চিত হয়ে যায়।
টুর্নামেন্টের পেনাল্টিমেট রাউন্ডে প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছিলেন জাভোখির সিন্দারভ। অত্যন্ত ঠান্ডা মাথায় ম্যাচটি ড্র করে ট্রফি নিশ্চিত করেন প্রজ্ঞা। মোট ৩৫ পয়েন্টের মধ্যে ২৩ পয়েন্ট অর্জন করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১.৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে শেষ করেন তিনি। প্রজ্ঞার ক্যারিয়ারে এটিই প্রথম কোনো র্যাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্ট জয়। এই খবর সামনে আসতেই ভারতীয় দাবা মহলে আনন্দের জোয়ার বয়ে যায়।
চলতি বছরটা যেন প্রজ্ঞানন্দের স্বপ্নপূরণের বছর! এর আগে জুন মাসেই ‘নরওয়ে চেস ২০২৬’ টুর্নামেন্টে শেষ রাউন্ডে জার্মানির ভিনসেন্ট কেইমারকে হারিয়ে খেতাব জিতেছিলেন তিনি। সেই সাফল্যের পর সম্প্রতি চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার তুলে দেন। সেই ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই এবার আমেরিকার মাটিতে প্রজ্ঞার এই জয় প্রমাণ করে দিল—বিশ্ব দাবার আকাশে তিনি এখন অন্যতম সেরা নক্ষত্র।
