মালদহের জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ঝড়!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে প্রচার চালাতে জেলায় পৌঁছালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে সিঙাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালে কর্মী-সমর্থকদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর শ্রীরামপুর এলাকায় আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
জনসভায় ভাষণ দেওয়ার সময় মানিক সাহা বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন এবং ত্রিপুরায় বিজেপির উন্নয়ন মডেলের খতিয়ান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকারি উদাসীনতার কারণেই মালদা জেলা সার্বিক দিক থেকে পিছিয়ে রয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তাই মালদার মানুষ আর প্রতারিত হতে চান না বলে দাবি করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই জেলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রচার বিজেপির একটি সুপরিকল্পিত নির্বাচনী কৌশল।
