মালদহ মেডিক্যাল কলেজে মাধ্যমিক পরীক্ষার্থী ও দুই আত্মীয়কে মারধরের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর দুই মাসিকে মারধরের অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, অসুস্থ দাদুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ওই পরীক্ষার্থী। তাঁর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে বাধা দেন। কারণ জানতে চাইলে ওই ছাত্রকে একটি ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর দুই মাসি শাহাজাদি বিবি ও সালমা খাতুন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন নিরাপত্তারক্ষী পলাতক বলে জানা গিয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এই তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপর হয়েছে পুলিশ।
হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার গণেশ চন্দ্র গাইন জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। হাসপাতাল চত্বরে নিরাপত্তারক্ষীদের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। রোগীদের আত্মীয়দের সঙ্গে হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহারের ঘটনা নতুন নয়, তবে মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর এমন হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
