মাসে মাত্র কয়েকশো টাকা জমিয়েই এবার লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ মানুষের ভবিষ্যতের সঞ্চয়ের কথা মাথায় রেখে নিয়ে এসেছে বিশেষ রিকারিং ডিপোজিট প্রকল্প ‘হর ঘর লাখপতি’ স্কিম। বড় কোনও আর্থিক ঝুঁকি না নিয়ে এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে নামমাত্র টাকা জমিয়ে মেয়াদের শেষে নিশ্চিতভাবে লাখ টাকার মালিক হওয়া সম্ভব। ১০ বছরের মেয়াদে টাকা জমালে প্রতি মাসে মাত্র ৫৯০ থেকে ৬১০ টাকা দিলেই এই সুবিধা পাওয়া যায়। মেয়াদের সময় কমালে মাসিক কিস্তির পরিমাণ সামান্য বৃদ্ধি পায়। বাজার ওঠানামার কোনও ঝুঁকি না থাকায় সম্পূর্ণ নিরাপদ ও নির্ভরযোগ্য এই সঞ্চয় মাধ্যমটি মধ্যবিত্তের জন্য অত্যন্ত উপযোগী।
যেকোনও ভারতীয় নাগরিক একক বা যৌথভাবে এই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন। এমনকি ১০ বছরের বেশি বয়সের নাবালকরাও অভিভাবকের মাধ্যমে এই সুযোগ নিতে পারে। পাশাপাশি, প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে বাড়তি সুদের বিশেষ সুবিধা লাভ করবেন। নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে প্রয়োজনীয় কেওয়াইসি নথি জমা দিয়ে অথবা ঘরে বসে YONO অ্যাপ ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায়। সন্তানদের উচ্চশিক্ষা, বিয়ে কিংবা ভবিষ্যতের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে ঝুঁকিহীনভাবে সঞ্চয় করতে এই প্রকল্প এক অনন্য বিকল্প।
