“মা, তোমাকে খুব মিস করি…” মা নরগিসের স্মৃতিতে আবেগাপ্লুত সঞ্জয় দত্ত, ভাইরাল ছোটবেলার অদেখা ছবি – এবেলা

এবেলা ডেস্কঃ
আজ ১০ মে, বিশ্ব মা দিবস। এই বিশেষ দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে রুপালি পর্দার তারকারা—সবাই মাতোয়ারা মা বন্দনায়। কেউ বর্তমানের আনন্দ ভাগ করে নিচ্ছেন, আবার কেউ স্মৃতি হাতড়ে খুঁজে ফিরছেন ফেলে আসা দিনগুলো। বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্তও আজ ব্যতিক্রম নন। মা, কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্তকে মনে করে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
শৈশবের অ্যালবামে মা ও ছেলের অটুট বন্ধন
মা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে বেশ কিছু পুরনো ও দুর্লভ ছবি পোস্ট করেছেন সঞ্জয় দত্ত। ছবিগুলোতে দেখা যাচ্ছে অভিনেতার শৈশব থেকে শুরু করে যুবক হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত। একটি ছবিতে মায়ের পাশে দেখা যাচ্ছে তাঁর দুই বোন প্রিয়া ও নম্রতা দত্তকেও। ছবিগুলোর প্রতিটি ফ্রেমে মা ও ছেলের গভীর আত্মিক সম্পর্কের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আবেগঘন ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “মা, তোমাকে খুব মনে পড়ে। তুমি যদি আজ এখানে আমার সঙ্গে থাকতে! তোমার ভালোবাসা আর আশীর্বাদ সবসময় আমার সঙ্গে আছে। ভালোবাসি মা।”
আসাময়ে বিদায় ও এক অপূর্ণ ইচ্ছা
সঞ্জয় দত্ত ও নার্গিস দত্তের সম্পর্কের গভীরতা বলিপাড়ায় সর্বজনবিদিত। তবে জীবনের এক কঠিন সন্ধিক্ষণে মাকে হারিয়েছিলেন তিনি। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন নার্গিস। সঞ্জয় দত্তর অভিষেক চলচ্চিত্র ‘রকি’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালের ৮ মে। দুর্ভাগ্যবশত, ছেলের জীবনের সেই বড় সাফল্যের মুহূর্তটি দেখার মাত্র পাঁচ দিন আগে, ৩ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের প্রয়াণের কয়েক দশক পরেও সঞ্জয় দত্তর স্মৃতিতে নার্গিস আজও জীবন্ত। আজকের এই বিশেষ দিনে অভিনেতার এই পোস্টটি নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে। তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করে সঞ্জয়ের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানিয়েছেন। মূলত মা-হারা সন্তানদের একাকিত্ব এবং সেই শূন্যতা পূরণে মায়েদের রেখে যাওয়া স্মৃতি যে কতটা শক্তিশালী, সঞ্জয়ের এই শ্রদ্ধার্ঘ্য যেন তারই প্রমাণ দেয়।
