মিড-ডে মিলে বড় বদল: ১ আগস্ট থেকে কলকাতার স্কুলেও ইসকনের সাত্ত্বিক খাবারের পাশাপাশি মিলবে ডিম! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিধানসভায় মিড-ডে মিল নিয়ে পরিকল্পনার কথা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। বিশেষ করে ইসকনের নিরামিষ খাবারের কারণে পড়ুয়াদের থালা থেকে ডিম বাদ যাওয়ার ঘটনায় বিরোধীরা তীব্র প্রতিবাদ জানান। তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে ওড়িশা মডেলকে সামনে রেখে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, মিড-ডে মিলের দায়িত্বে ইসকন থাকলেও, ছাত্রছাত্রীদের পুষ্টির কথা মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর মাধ্যমে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনের সাত্ত্বিক ও পুষ্টিকর খাবার সরবরাহ করা শুরু হবে। অভিভাবক ও বিভিন্ন মহলের অনুরোধ এবং ওড়িশার সফল মডেল খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশার মতো এ রাজ্যেও ইসকনের সাত্ত্বিকতা বজায় রেখে অন্য মাধ্যমে ডিম সরবরাহ করা হবে।
পাশাপাশি, মিড-ডে মিলের আর্থিক বৈষম্য দূর করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন প্রাথমিকে বরাদ্দ ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা, যা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে (হাইস্কুল ও উচ্চ-প্রাথমিক স্তরে যা ইতিমধ্যেই ১০ টাকা ছিল)। আগামী ১ আগস্ট শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে কলকাতার স্কুলগুলিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। একদিকে ইসকনের শুদ্ধ আহার এবং অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়ার এই সমন্বিত ব্যবস্থায় পড়ুয়াদের পুষ্টির মান আরও উন্নত হবে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।
