‘মিথ্যা অভিযোগ ও চরম অপমানই কেড়ে নিল প্রাণ!’ আশিস ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুতে বিস্ফোরক মমতা – এবেলা

‘মিথ্যা অভিযোগ ও চরম অপমানই কেড়ে নিল প্রাণ!’ আশিস ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুতে বিস্ফোরক মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

রামপুরহাট: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের টানা ৫ বারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রামপুরহাট শহরের ৫ নম্বর ওয়ার্ডে নিজের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এই প্রবীণ নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানলা দিয়ে তাঁর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। রামপুরহাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যেখানে নিজের সততা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

প্রবীণ এই নেতার প্রয়াণে গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, আশিস বন্দ্যোপাধ্যায়ের এমন মর্মান্তিক চলে যাওয়া তাঁকে গভীরভাবে বিচলিত করেছে। শিক্ষাবিদ ও সমাজসেবী আশিসবাবু রামপুরহাট ও বীরভূমের মানুষের সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক বজায় রাখতেন এবং সারাজীবন সাধারণ ও বিনয়ী স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তবে শোকপ্রকাশের পাশাপাশি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো লেখেন, জীবনের শেষ সময়ে আশিসবাবুকে ক্রমাগত মিথ্যা অভিযোগ, অপমান এবং প্রচণ্ড মানসিক চাপের মুখোমুখি হতে হয়েছিল। এই ধরনের রাজনৈতিক ও মানসিক হেনস্থার পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে, তা নিয়ে আজ সকলের ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার রামপুরহাট কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব সামলেছেন।

অন্যদেক, এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আশিস বন্দ্যোপাধ্যায়কে একজন অত্যন্ত ভদ্র, সজ্জন এবং দলমত নির্বিশেষে সুসম্পর্ক রাখা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য পরিবারের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *