মিষ্টি না খেয়েও কমছে না প্রাণসংশয়! ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় চমকপ্রদ তথ্য ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্যাটানিয়া বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ধূমপান বর্জন করাকে চিকিৎসার অন্যতম প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা তামাক সেবন অব্যাহত রাখলে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের মারাত্মক জটিলতা বৃদ্ধির পাশাপাশি অকাল মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। ফোর্টিস সি-ডক-এর ডক্টর অনুপ মিশ্রের মতে, ভারতে ধোঁয়াযুক্ত ও ধোঁয়াহীন তামাক সেবনের ব্যাপক প্রবণতা রয়েছে। তাই ডায়াবেটিস রোগীদের কেবল সাধারণ উপদেশ না দিয়ে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের মতোই ধূমপান ছাড়ানোকে একটি জরুরি ‘ক্লিনিক্যাল ইন্টারভেনশন’ বা চিকিৎসা পদ্ধতি হিসেবে যুক্ত করতে হবে।
এই আন্তর্জাতিক নির্দেশিকায় ধূমপান ছাড়াতে মানসিক কাউন্সেলিং, আচরণগত থেরাপি এবং প্রথম সারির ওষুধ হিসেবে ‘ভারেনিক্লিন’ অথবা ‘নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে তামাক বর্জনের পর শরীরে মেটাবলিজমের পরিবর্তন ঘটায় ডায়াবেটিসের ওষুধের মাত্রা পুনর্বিবেচনা করা এবং প্রাথমিক চার সপ্তাহের মধ্যে নিয়মিত ফলো-আপ করা প্রয়োজন। ভারত ও আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলিতে এসব ওষুধের সীমাবদ্ধতা থাকায় মূল ডায়াবেটিস চিকিৎসার সঙ্গেই ধূমপান ছাড়ানোর এই সমন্বিত উদ্যোগকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
