মিসিসিপি উপকূলে বিমান ভেঙে মৃত ৬, দুই শিশুও নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট ও দশ বছর বয়সি দুই শিশুও রয়েছে।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি সেসনা ২১০ মডেলের এয়ারক্র্যাফ্ট। এতে চারজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু ছিল। বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে প্রায় ৩টে ৪৫ মিনিট নাগাদ মোবাইলের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। তল্লাশির সময় সমুদ্রের জলে বিমানের কেবিনের অংশ এবং লাইফ জ্যাকেট ভাসতে দেখা যায়। পরে উদ্ধারকারীরা বিমানের মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের দেহ উদ্ধার করেন। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত যাত্রীদের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। চলতি মাসের শুরুতেই দক্ষিণ ফ্লোরিডায় আরও একটি বিমান দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *