মুক্তির আগেই ‘মাতৃভূমি’ নিয়ে বিতর্ক, সমালোচকদের কড়া জবাব দিলেন সলমন খান

মুক্তির আগেই সলমন খান অভিনীত ‘মাতৃভূমি’ সিনেমাটি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই ভিএফএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার নিয়ে নেটিজেনদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রেলারের কয়েকটি দৃশ্যের মান নিয়েও উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে সমালোচকদের উদ্দেশ্যে সলমন খান স্পষ্ট জানিয়েছেন, পুরো সিনেমা না দেখে আগেভাগে কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়।
সম্প্রতি হায়দরাবাদে ছবির প্রচারে গিয়ে অভিনেতা বলেন, ট্রেলারের অল্প সময়ের ঝলক দেখে সিনেমার মূল গল্প বোঝা সম্ভব নয়। তিনি ইংরেজি প্রবাদ ‘নেভার জাজ আ বুক বাই ইটস কভার’-এর প্রসঙ্গ টেনে দর্শকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন। সলমনের মতে, ছবির প্রযুক্তিগত দিকের চেয়ে এর মূল আবেগ এবং গল্পটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আগামী ৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকরা পুরো বিষয়টি বুঝতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছবির কাহিনি গড়ে উঠেছে। শিব অরুরের লেখা বই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস’-এর একটি অধ্যায় থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি মূলত দেশের সেনা এবং তাঁদের পরিবারের আবেগকে তুলে ধরার চেষ্টা করেছে। মুক্তির আগে বিতর্ক তৈরি হলেও, বড় পর্দায় ছবিটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
