মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের? জানুন শীর্ষ আদালতের আসল সিদ্ধান্ত! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর বা সাসপেন্ড করার আর্জি আপাতত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মালা বাগচি ও বিচারপতি ভি. মোহনার বেঞ্চ স্পষ্ট জানায়, সংবাদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন অন্তর্বর্তী নির্দেশ দেওয়া যায় না। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে জবাব চাওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের রেকর্ড তলব করেছে শীর্ষ আদালত। মূল অভিযোগ, SIR, ভোটার তালিকা ও Form 6 সংক্রান্ত বিতর্কিত নির্দেশিকাগুলো অন্য দুই কমিশনারের অনুমোদন ছাড়া এককভাবে নেওয়া হয়েছে। আদালত দেখতে চায় এই অভিযোগের সত্যতা কতখানি।
আইন অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানো কোনো সাধারণ প্রক্রিয়া নয়। সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ মতে, সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই জটিল সংসদীয় অভিশংসন (ইমপিচমেন্ট) প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে অপসারণ করা সম্ভব। আইনজীবী বিকাশ সিং নির্বাচন কমিশনারদের সিদ্ধান্ত গ্রহণের আইনি লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের দাবি তুলে অপসারণ চেয়েছিলেন। তবে শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের বক্তব্য ও রেকর্ড খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পদে বহাল থাকছেন জ্ঞানেশ কুমার।
