মুম্বইয়ের চাবাড হাউসে রেইকির অভিযোগ, গ্রেপ্তার নভি মুম্বইয়ের তরুণ

মুম্বইয়ের কোলাবায় অবস্থিত ২৬/১১ হামলার অন্যতম লক্ষ্যস্থল চাবাড হাউসে রেইকি করার অভিযোগে যশ সিং নামে এক ২০ বছর বয়সী তরুণকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। নভি মুম্বইয়ের আইরোলির বাসিন্দা ওই তরুণকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে এবং সে বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে কাজ করছিল।
তল্লাশির সময় ধৃতের কাছ থেকে ইহুদি ও বিদেশি নাগরিকদের ছবি, তাদের ব্যবহৃত গাড়ির বিবরণ এবং বিভিন্ন সংবেদনশীল নথি উদ্ধার করা হয়েছে। বিদেশি নাগরিকদের গতিবিধির ওপর নজর রেখে সেই তথ্য বিদেশে পাচার করাই ছিল তার মূল উদ্দেশ্য। চাবাড হাউস ছাড়াও মুম্বইয়ের আরও কয়েকটি স্পর্শকাতর এলাকায় ওই তরুণের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, কেরলের ত্রিশূরে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ ধারায় দায়ের হওয়া একটি মামলায় যশ সিংয়ের নাম রয়েছে এবং সে কেরল পুলিশেরও নজরে ছিল। বর্তমানে সে ঠিক কী উদ্দেশ্যে এই রেইকি চালাচ্ছিল এবং এর পেছনে বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
