মৃত্যুর পরও মিলছে না ডেথ সার্টিফিকেট! আটকে থাকা জরুরি কাজে দিশেহারা শত শত পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় শহরজুড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শেষকৃত্য সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পরও ডেথ সার্টিফিকেট হাতে না পাওয়ায় পেনশন, ব্যাঙ্ক, বিমা ও পাসপোর্ট সংক্রান্ত বহু জরুরি কাজ থমকে গেছে। একই সঙ্গে বার্থ সার্টিফিকেটের আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় জমা পড়া কিছু নথি নিয়ে সন্দেহ এবং পুলিশি তদন্তের জেরে এই পরিষেবা স্থগিত রাখা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।
নিয়মিত সার্টিফিকেট পাওয়ার আশায় প্রতিদিন পুরসভার সদর দপ্তর ও বিভিন্ন বোরো অফিসে ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। কলকাতার পাশাপাশি সল্টলেকসহ রাজ্যের অন্যান্য অঞ্চলেও একই সমস্যা দেখা দিয়েছে। শ্মশানে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো সমাধান মিলছে না। তবে পুরসভার একটি সূত্রের দাবি, আগামী ১০ আগস্টের মধ্যে অনলাইন পোর্টালটি ফের চালু হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা কাটছে না।
