মৃত্যুর মুখ থেকে অলৌকিক ফেরা! চালকের বুদ্ধিতে বেঁচে ফিরলেন বাংলার পর্যটকরা – এবেলা

এবেলা ডেস্কঃ
মানস সরোবর যাত্রার পথে নেপালের ভোটকোশী অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েও চালকের সময়োচিত পদক্ষেপে অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন বীরভূমের দুই পর্যটক সিউড়ির সন্দীপ দেব এবং আমোদপুরের টোটন লাহা। গত ২১ আগস্ট ৫২ জনের একটি দল নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেন তাঁরা। তিব্বতে যাওয়ার ভিসা হাতে পাওয়ার পর ২৬ আগস্ট ভোরে মূল যাত্রা শুরু হলে নুয়াকট জেলার বিদুর শহরের কাছে আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে প্রবল বেগে জল ও ধ্বংসস্তূপ নেমে আসতে দেখেন তাঁরা। পরিস্থিতি বেগতিক বুঝে বাসচালক মুহূর্তের মধ্যে গাড়ি ঘুরিয়ে অপেক্ষাকৃত উঁচুতে নিয়ে যান, যার ফলে অল্পের জন্য বড়ো ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান তাঁরা।
পরে স্থানীয়দের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে, ভোটকোশীর উপর থাকা সেতুটি জলের তোড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিন আগে ভিসা পেলে হয়তো তাঁদের এই ভয়ংকর বিপর্যয়ের মুখোমুখি পড়তে হতো বলে জানান সন্দীপ। চোখের সামনে পাহাড় থেকে জল নেমে আসার সেই ভয়াল দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় বলে মন্তব্য করেছেন টোটন। নেপালের এই হড়পা বানে ব্যাপক প্রাণহানির খবরের মাঝে ঈশ্বরের কৃপা ও চালকের বুদ্ধিতে তাঁদের এই ফিরে আসাকে নতুন জীবন বলেই মনে করছেন এই দুই পর্যটক।
