মেচেদায় গাড়ি দুর্ঘটনায় মৃত ২, আহত ৪

রবিবার সকালে মেচেদার ফাইভ পয়েন্টের কাছে একটি দ্রুতগতির চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন।
দিঘাগামী গাড়িটি প্রথমে এক সাইকেল আরোহী মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরুপমা কোলে নামের ওই মহিলার। তিনি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী ছিলেন এবং সকালে কাজে যাচ্ছিলেন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলের ভেতরে ঢুকে যায়। গাড়িতে থাকা এক পর্যটক যুবকেরও মৃত্যু হয়।
গাড়িতে থাকা আরও চারজন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু'জনকে মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা পর্যটকরা মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ গাড়ির ভেতর থেকে মদের বোতল ও গ্লাস উদ্ধার করেছে। পর্যটকদের বাড়ি হাওড়ার লিলুয়া এলাকায়। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
