মেয়ের কান্নায় তিতিবিরক্ত মা! কাস্তে দিয়ে ৬ মাসের শিশুকন্যার গলা কাটলেন নারী – এবেলা

মেয়ের কান্নায় তিতিবিরক্ত মা! কাস্তে দিয়ে ৬ মাসের শিশুকন্যার গলা কাটলেন নারী – এবেলা

এবেলা ডেস্কঃ

বেতিয়া: সারাদিন মেয়ের কান্নায় অতিষ্ঠ হয়ে চরম নৃশংসতার পথ বেছে নিলেন এক মা। নিজের ৬ মাসের শিশুকন্যার গলা কাস্তে দিয়ে কেটে খুনের অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার গোপালপুর থানা এলাকার বারকা গ্রামে।

ঠিক কী ঘটেছিল?

অভিযুক্ত মায়ের নাম সীমা দেবী। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কান্নাকাটি করা নিয়ে মেয়ের ওপর মেজাজ হারান সীমা। অভিযোগ, সেই রাগে হাতে থাকা কাস্তে দিয়েই নিজের একরত্তি মেয়ের গলার নলি কেটে ফেলেন তিনি। সেই একই কাস্তে দিয়ে পরে নিজের গলা কাটারও চেষ্টা করেন ওই নারী।

বৃদ্ধা ঠাকুমা সরস্বতী দেবী চিৎকার শুনে দ্রুত ঘরে ঢুকে দেখেন, রক্তে ভাসছে ঘর। নাতনির নিথর দেহ পড়ে রয়েছে মাটিতে। মুহূর্তের মধ্যে তিনি সীমার হাত থেকে কাস্তেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। এরপর প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশি তদন্ত ও বর্তমান পরিস্থিতি:

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুকন্যার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রক্তাক্ত অবস্থায় মা সীমা দেবীকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর গলায় গুরুতর চোট রয়েছে এবং চিকিৎসকরা সেখানে সেলাই করেছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

গোপালপুর থানার এসএইচও অঙ্কিত কুমার জানান, অভিযুক্তের স্বামী সুনীল দাস পেশায় পরিযায়ী শ্রমিক, তিনি কর্মসূত্রে চণ্ডীগড়ে রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই নারীর মানসিক কোনো সমস্যা থাকতে পারে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও মেডিক্যাল পরীক্ষার পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় নিহত শিশুর ঠাকুমার অভিযোগের ভিত্তিতে একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *