মোদী ও ট্রাম্পের ফোনালাপে কি আড়ি পাতছিলেন মাস্ক? জল্পনা উড়িয়ে দিয়ে আসল সত্য জানাল ভারতের বিদেশ মন্ত্রক – এবেলা
এবেলা ডেস্কঃ
মোদী ও ট্রাম্পের একান্ত ফোনালাপে কি সত্যিই ঢুকে পড়েছিলেন এলন মাস্ক? নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক দাবি ঘিরে বিশ্বজুড়ে শোরগোল শুরু হতেই মুখ খুলল ভারত। শনিবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, গত ২৪ মার্চের ওই ফোনালাপ ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং সেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পই উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়ার সংঘাতময় পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা চলাকালীন তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দিল্লি।
নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল যে, দুই নেতার আলোচনায় টেসলা কর্তার অন্তর্ভুক্তি অত্যন্ত অস্বাভাবিক এবং এটি ট্রাম্পের সঙ্গে মাস্কের বাড়তে থাকা ঘনিষ্ঠতারই প্রমাণ। যদিও হোয়াইট হাউসের তরফেও এই ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ এবং দুই নেতার সুসম্পর্কের প্রতিফলন হিসেবেই বর্ণনা করা হয়েছে। মাস্কের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকলেও ভারত সরকারের এই কড়া বিবৃতির পর আপাতত সেই জল্পনায় জল পড়ল।

