মোদী-শাহের জন্যই কি দেশ পাকিস্তান হচ্ছে? থানা থেকে বেরিয়েই বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিলবোর্ড সংক্রান্ত মামলায় শেক্সপিয়র সরণি থানা থেকে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কেন্দ্র ও শাসকদলকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূলকে ভয় পেয়েই দলের পার্টি অফিসের বিলবোর্ড বেআইনিভাবে খোলা হচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে কর্মীদের হয়রান করা হচ্ছে। পাশাপাশি, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, একজন মহিলার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসার মতো ঘটনা প্রমাণ করে যে সাধারণ মানুষ ও নারীদের নিরাপত্তা আজ কোথায় এসে ঠেকেছে।
দিল্লিতে সিজেপি-র দুই নেতার গ্রেফতারি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করলেই যদি গ্রেফতার হতে হয়, তবে তা ব্রিটিশ আমলের কথাকেই মনে করায়। তাঁর আরও দাবি, ভারতবর্ষকে পাকিস্তান বানানোর নেপথ্যে রয়েছে বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব। সমস্ত অন্যায় ও দমনপীড়ন সত্ত্বেও তাঁর বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন এই তৃণমূল সাংসদ।
