মোদী-শাহ কাউকেই পাওয়া যাচ্ছে না! মহালয়ায় ইডেনের ৩ হাজার ড্রোনের শো-তে থাকছেন কারা? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: মহালয়ায় রাজ্যজুড়ে স্মরণীয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে এক জমকালো মেগা অনুষ্ঠান, যেখানে প্রায় ৩ হাজার ড্রোনের সাহায্যে আকাশে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার আগমন ও শারদোৎসবের নানা অনুষঙ্গ।
তবে এই অনুষ্ঠান ঘিরে মূল আকর্ষণ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের আগমন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, বিশেষ ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দুই কেন্দ্রীয় শীর্ষ ব্যক্তিত্ব অনুপস্থিত থাকলেও মেগা জলসায় মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্বরাও হাজির থাকবেন।
রেড রোডে লোকনৃত্য ও গঙ্গার ঘাটে মহিষাসুরমর্দিনী মহালয়ার সকাল থেকেই তিলোত্তমাকে পুজো আনন্দে ভাসিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। শহরের পাঁচটি ঐতিহ্যবাহী গঙ্গার ঘাট—বাবুঘাট, জাজেস ঘাট, আহিরীটোলা ঘাট, বাজা কদমতলা ঘাট ও নিমতলা ঘাটে মাইকে বাজানো হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’। ঘাটে ঘাটে তৈরি করা হচ্ছে বিশালাকার রেডিওর প্রতিকৃতি। পাশাপাশি রেড রোডে আয়োজিত বিশেষ শোভাযাত্রায় রাজ্যের ২৩টি জেলা থেকে আসা ২৩ ধরনের লোকনৃত্য তুলে ধরবে বাংলার নিজস্ব সংস্কৃতি।
কার্নিভালের বদলে মিলন মেলায় খাদ্য উৎসবের বিজয়া সম্মিলনী অন্যান্য বছরের মতো এবছর প্রথাগত পুজো কার্নিভাল হচ্ছে না। তার বদলে ২৬ তারিখ মিলন মেলায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আয়োজিত হবে বিজয়া সম্মিলনী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ ক্যাটারিংয়ের পরিবর্তে সেখানে থাকবে বাংলার প্রতিটি জেলার বিখ্যাত সব খাবারের স্টল, যা পুজো পরবর্তী মিলন উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে।
