মোদী সরকারের ১২ বছরে প্রথমবার, লোকসভায় মুখ থুবড়ে পড়ল গুরুত্বপূর্ণ বিল!

ভারতের সংসদীয় গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মতো মোদী সরকারের কোনো বিল লোকসভায় পাস হতে ব্যর্থ হয়েছে। নারী সংরক্ষণ সংশোধনী বিলটির সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া যুক্ত থাকায় তীব্র বিরোধিতার মুখে পড়ে সরকার। সংবিধান সংশোধনী বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (৩৫২টি ভোট) অর্জনে ব্যর্থ হয়ে বিলটি লোকসভায় খারিজ হয়ে যায়। ভোটাভুটিতে সরকারের পক্ষে ২৯৮টি ভোট পড়লেও বিপক্ষে পড়েছে ২৩৩টি ভোট।
মূলত লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার সরকারি শর্ত নিয়েই বিরোধীরা আপত্তি তুলেছে। ইন্ডিয়া জোটের দাবি, আসন সংখ্যা না বাড়িয়েই নারী সংরক্ষণ কার্যকর করা সম্ভব ছিল, তাই ডিলিমিটেশনের এই প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ১২ বছরের শাসনকালে সরকারের এই পরাজয় যেমন কেন্দ্রের কৌশলগত পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনি আগামী সাধারণ নির্বাচনের আগে নারী সংরক্ষণ ইস্যু ও আসন বিন্যাস নিয়ে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
