যত্রতত্র থুথু ফেললেই ১০০, মূত্রত্যাগে ২০০ টাকা খেসারত! আজ থেকেই রাজ্যে চালু কড়া জরিমানা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যকে সম্পূর্ণ জঞ্জাল ও দূষণমুক্ত করতে এবার কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করল রাজ্য প্রশাসন। পূর্বঘোষণা অনুযায়ী আজ, ১ সেপ্টেম্বর থেকেই পুরো রাজ্যজুড়ে চালু হয়ে গেল পরিবেশ সংক্রান্ত এই নতুন নিয়মাবলী। রাস্তাঘাট কিংবা জনবহুল এলাকায় যত্রতত্র নোংরা ফেলা, থুথু ফেলা বা সরকারি নিয়ম লঙ্ঘন করলে এখন থেকে আর কোনো ছাড় মিলবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপের পাশাপাশি মোটা টাকার জরিমানা আদায় করা হবে।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ৩১ আগস্ট পর্যন্ত নাগরিকদের কেবল সচেতন করার ‘ডেডলাইন’ ছিল। আজ ১ সেপ্টেম্বর থেকে সেই শিথিলতা শেষ হয়ে সরাসরি শাস্তিমূলক জরিমানা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
কোন অপরাধে কত জরিমানা:
- প্রকাশ্যে থুথু বা কফ ফেলা: ফুটপাত বা যেকোনো জনাকীর্ণ স্থানে থুথু বা পানের পিক ফেললে প্রতিবার ১০০ টাকা জরিমানা।
- প্রকাশ্যে মলমূত্র ত্যাগ: খোলা জায়গায় প্রস্রাব বা মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা।
- নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার: নিষিদ্ধ সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা বিক্রি করতে গিয়ে ধরা পড়লে ২০০ টাকা জরিমানা।
- যত্রতত্র আবর্জনা ফেলা: নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া রাস্তায় বা ড্রেনে আবর্জনা ফেললেও কড়া জরিমানা দিতে হবে।
অভিযান পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে গঠন করা হয়েছে বিশেষ পরিদর্শক দল। স্বজনপোষণ বা নগদ টাকার দুর্নীতি এড়াতে পুরো জরিমানা আদায়ের প্রক্রিয়াটি করা হবে ডিজিটাল পদ্ধতিতে। আধিকারিকদের কাছে থাকা ই-পজ (e-POS) মেশিন বা কিউআর (QR) কোড স্ক্যান করে ইউপিআই, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘটনাস্থলেই জরিমানা মেটাতে হবে। প্রশাসনের স্পষ্ট বার্তা—এই কড়া পদক্ষেপের মূল উদ্দেশ্য রাজকোষ ভরা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সঠিক নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলা।
