যাত্রী সুরক্ষায় বড় ধাক্কা! শিয়ালদহে রেললাইনের নিখুঁত ফিউচার এক্স-রে শুরু করতেই চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
দৈনন্দিন যাতায়াতে লাখ লাখ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ স্টেশনে রেল ট্র্যাকের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। রেললাইনের ভেতরের সূক্ষ্ম ত্রুটি এবং সম্ভাব্য ফাটল খুঁজে বের করতে অত্যাধুনিক আল্ট্রাসনিক ফ্ল ডিটেকশন বা ইউএসএফডি মেশিন ব্যবহার করছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনের মোট ১৩৭৫ ট্র্যাক কিলোমিটারজুড়ে এই বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। খালি চোখে দেখা যায় না এমন অভ্যন্তরীণ ত্রুটি ও ফাটল শনাক্ত করার পাশাপাশি, আগামী তিন মাসের মধ্যে ট্র্যাকে কোনো সমস্যা দেখা দিতে পারে কি না, তারও আগাম তথ্য বা ফুটেজ দিতে সক্ষম এই আধুনিক যন্ত্র।
রেলের ট্র্যাকে অতিরিক্ত ভার এবং তাপমাত্রার তারতম্যের কারণে অনেক সময় মারাত্মক ফাটল ধরতে পারে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যে এই মেশিনটি মূলত রেল ট্র্যাকের এক্স-রে-এর মতো নিখুঁতভাবে কাজ করে এবং আগে থেকেই সম্ভাব্য সমস্যার ইঙ্গিত দিয়ে দেয়। এর ফলে ত্রুটিপূর্ণ অংশ চিহ্নিত করে দ্রুত রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা সম্ভব হচ্ছে। সময়মতো লাইনের এই অভ্যন্তরীণ সমস্যা দূর করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এই বিশেষ উদ্যাগের মূল লক্ষ্য।
