যাদবপুরে পুলিশের মেগা রেড: রেজিস্ট্রারকে ঘিরে ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, তলব সিসিটিভি ফুটেজ! – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ফের পুলিশের তৎপরতা। গত ১৯ আগস্ট রাতের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এবার জোরালো তদন্ত শুরু করল যাদবপুর থানার পুলিশ।
মঙ্গলবার সকালেই সাদা পোশাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে অকুস্থল পরিদর্শন করেন তদন্তকারীরা। এরপর দুপুর দেড়টা নাগাদ চার সদস্যের পুলিশ দল নিয়ে সোজা রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছন অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) মনোজ কুমার ঝা। সেখানে রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ১৯ ও ২০ আগস্টের সিসিটিভি ভিডিও ফুটেজ এবং প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়েছে।
বৈঠক শেষে এসিপি জানান, তদন্তের খাতিরেই নথিপত্র চাওয়া হয়েছে, তবে উর্ধ্বোতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিস্তারিত প্রকাশ সম্ভব নয়। অন্যদিকে, অসুস্থ উপাচার্যের অনুপস্থিতিতে পুরো বিষয়টি সামলানো রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল জানান, পুলিশের চাহিদামতো নথি দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও বিচারাধীন হওয়ায় তিনি এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বাড়তি মন্তব্য করতে রাজি হননি।
