যাদবপুর থেকে মেদিনীপুর: ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘাত, এবিভিপি-এসএফআই সংঘর্ষে রণক্ষেত্র কলেজ – এবেলা

যাদবপুর থেকে মেদিনীপুর: ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘাত, এবিভিপি-এসএফআই সংঘর্ষে রণক্ষেত্র কলেজ – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সহিংসতার জের পৌঁছাল মেদিনীপুর কলেজেও। সেখানে বামপন্থী ছাত্রসংগঠন এসএফআই এবং আরএসএস-এর ছাত্রসংগঠন এবিভিপি-র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলেজ চত্বর। বচসা থেকে শুরু হওয়া এই হাতাহাতিতে বেশ কয়েক জন ছাত্র, শিক্ষক এবং কর্মচারী জখম হয়েছেন।

গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই-এর বৈঠকে হামলা চালানো এবং শিল্পাচার্য নন্দলাল বসুর তৈরি ঐতিহাসিক এমব্লেম ভাঙচুরের অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে মেদিনীপুর কলেজে এসএফআই এক সভা আয়োজন করে। তাদের অভিযোগ, সভা চলাকালীন এবিভিপি-র পতাকা হাতে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মারধর করে। এমনকি আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে দাবি এসএফআই জেলা সম্পাদক রণিত বেরার।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের পাল্টা দাবি, তারা যাদবপুরের ঘটনার প্রতিবাদে শান্তিপূণভাবে কর্মসূচি পালন করছিল। সেই সময় এসএফআই-এর ক্যাডাররা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এবিভিপি-র দক্ষিণবঙ্গের কার্যকরী সদস্য অরুণাভ দত্ত জানিয়েছেন, তাদের ১০-১২ জন কর্মী আহত হয়েছেন এবং তারা পুলিশের কাছে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে কলেজ চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *