যাদবপুর স্টেশনে ৩০ হাজার স্কোয়্যার ফিটের ‘মিনি মার্ট’! ছোট ব্যবসায়ীদের জন্য বিরাট সুযোগ – এবেলা

যাদবপুর স্টেশনে ৩০ হাজার স্কোয়্যার ফিটের ‘মিনি মার্ট’! ছোট ব্যবসায়ীদের জন্য বিরাট সুযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

শিয়ালদহ দক্ষিণ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত যাদবপুর রেল স্টেশনকে এক নতুন ও আধুনিক রূপ দিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি স্টেশনটিকে একটি বিশ্বমানের ‘ট্রান্সপোর্ট হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

৩০ হাজার বর্গফুটের বিশাল মিনি মার্ট

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিবরাম মাঝি জানিয়েছেন, যাদবপুর স্টেশন প্রাঙ্গণে প্রায় ৩,০৪৫ বর্গমিটার (প্রায় ৩০,০০০ বর্গফুট) এলাকা জুড়ে একটি আধুনিক ‘মিনি মার্ট’ তৈরি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। এই একই ছাদের তলায় যাত্রীরা দৈনন্দিন কেনাকাটা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ একাধিক পরিষেবা পাবেন। আগামী ১০ বছরের চুক্তিতে গড়ে ওঠা এই প্রকল্প থেকে রেলের অ-ভাড়া রাজস্ব (Non-Fare Revenue) বৃদ্ধি পাবে।

“এই প্রকল্পের লক্ষ্য যাত্রীদের যাত্রা সহজ করার পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করা। এটি যেমন যাত্রীদের সময় বাঁচাবে, তেমনই স্টেশনের সৌন্দর্য বাড়াতে ও নতুন কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে।”

শিবরাম মাঝি (CPRO, পূর্ব রেল)

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অগ্রাধিকার

ছোট দোকানদার ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে:

  • ৫০% জায়গা সংরক্ষিত: মোট এলাকার অন্তত অর্ধেক অংশ ছোট দোকান, কিয়স্ক ও স্টলের জন্য রাখা হয়েছে (প্রতিটি দোকানের আয়তন সর্বোচ্চ ৮০ বর্গফুট)।
  • বড় রিটেইল আউটলেট: সর্বোচ্চ ২৫% জায়গায় বড় ব্র্যান্ডের রিটেইল আউটলেট তৈরি করা যাবে।

আধুনিক নকশা ও যাত্রী সুবিধা

স্টেশনে যাতে যাত্রীদের চলাচলে কোনো অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখে মূল নকশা তৈরি করা হয়েছে:

  • মুক্ত চত্বর ও সৌন্দর্যায়ন (২০% – ৩০%): যাত্রীদের স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার জন্য উন্মুক্ত স্থান রাখা হচ্ছে।
  • পার্কিং ও শৌচাগার (৫% – ২০%): গাড়ি ও বাইক পার্কিংয়ের সুবিধার পাশাপাশি থাকছে আধুনিক শৌচাগার।
  • লিফ্টসহ ফুট ওভার ব্রিজ (FOB): প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সহজ যাতায়াতের ব্যবস্থা।
  • নতুন টিকিট বুকিং কাউন্টার: ভিড় ও দীর্ঘ লাইন এড়াতে আধুনিক বুকিং কাউন্টার।
  • উন্নত সার্কুলেটিং এলাকা: স্টেশনের উভয় প্রন্তেই যানজট মুক্ত চলাচলের জন্য সার্কুলেটিং এরিয়ার আধুনিকীকরণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *