‘যুবসাথী’ নয়, এবার ‘ভরসা’! জানুয়ারি থেকেই মিলবে বেকার ভাতা, কারা পাবেন কত টাকা?

আগের সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে রাজ্যে চালু হচ্ছে নতুন বেকার ভাতা প্রকল্প ‘ভরসা’। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে। নতুন নিয়মে স্নাতক এবং সরকারি কলেজে ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা প্রতি মাসে ২০০০ টাকা এবং স্নাতক নন এমন প্রার্থীরা ১৫০০ টাকা করে ভাতা পাবেন। বকেয়া ডিএ মেটাতে বিপুল অর্থ ব্যয় হওয়ায় আপাতত ১৫ মাস এই হারে ভাতা দেওয়া হবে, তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে তা বাড়িয়ে যথাক্রমে ৩০০০ ও ২০০০ টাকা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে ‘যুবসাথী’ প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হলেও ক্ষমতার পালাবদলের পর তা বন্ধ হয়ে যায়। এবার কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ভরসা’ চালু করছে নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, একটি পরিবার থেকে সর্বোচ্চ ২ জন এই ভাতার জন্য যোগ্য হবেন। তবে যাঁরা ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা’ বা অন্য কোনো সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।
