রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ বজায় থাকবে এবং তাপমাত্রা আরও কমতে পারে।
কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কমলেও স্থানীয়ভাবে সামান্য বৃষ্টির আশঙ্কা থাকছে। সোমবার থেকে শহর ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
