রহস্যজনক আগুনে পুড়ে গুরুতর জখম সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে ঘটা এক আকস্মিক অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার সকালে তাঁর বাড়িতে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিধায়কের হাতের কনুই ও হাঁটুর নিচের অংশ পুড়ে গিয়েছে এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথমে তাঁকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হলেও, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, রাজনৈতিক কারণ নয়, বরং পারিবারিক অশান্তির জেরে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে বাইরন নিজেই অগ্নিদগ্ধ হয়েছেন নাকি কেউ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার আকস্মিকতায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং শুভেন্দু অধিকারী। উভয়েই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
