রাজধানীতে রাজনৈতিক উত্তাপের মধ্যেই পদত্যাগ করলেন মোদীর মন্ত্রী, ছাড়লেন সাংসদ পদও – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লিতে কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন ও মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে তিনি রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে মোদীর মন্ত্রিসভায় পাঁচ বছর কাজ করা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। তবে এবার তিনি তামিলনাড়ুতে বিজেপির সংগঠন শক্তিশালী করতে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সম্পূর্ণ সময় দিতে চান।
দিনমজুর পরিবারের সন্তান মুরুগান তাঁর রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে জানান, তাঁর বাবা-মা কখনও ভাবেননি তাঁদের ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন। কলেজজীবনে এবিভিপির সঙ্গে যুক্ত হওয়া এই নেতা তিন দশক ধরে দলের হয়ে কাজ করেছেন। অতীতে জাতীয় তফসিলি জাতি কমিশনের উপাধ্যক্ষ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলানো মুরুগান এখন রাজ্যের প্রতিটি গ্রামে ঘুরে বিজেপির জনভিত্তি প্রসারিত করতে চান। তাঁর এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
