রাজনীতিতে পা রাখবেন সোনমের আন্দোলনকারীরা? যা সাফ জানালেন ‘ককরোচ’ অভিজিৎ – এবেলা

এবেলা ডেস্কঃ
পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সাম্প্রতিক মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যাওয়ার পর এবার মুখ খুললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সোনম ওয়াংচুক তাঁদের কোনো নিন্দা করেননি, বরং তাঁর বক্তব্যের একটি ছোট অংশ মাত্র ছড়িয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। এর আগে এক সাক্ষাৎকারে সোনম মন্তব্য করেছিলেন যে, ওই আন্দোলনের নেতারা কেউ সাধু-সন্ত নন এবং তাঁদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকা অস্বাভাবিক নয়। তবে ছাত্র আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথাও স্পষ্ট জানিয়েছিলেন তিনি।
অভিজিৎ দীপকে দাবি করেছেন, সোনম আসলে তাঁদের কাজের প্রশংসা করেছেন এবং তাঁদের সৎ ও দক্ষ বলেই উল্লেখ করেছেন। তাঁর মতে, সম্পূর্ণ সাক্ষাৎকারের মাত্র এক শতাংশ অংশকে খণ্ডন করে ভাইরাল করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও অভিজিৎ জানান, ভবিষ্যতে কী হবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে পুরো বিতর্কটিকে এড়িয়ে গিয়ে তিনি সোনমের ইতিবাচক মূল্যায়নকেই গুরুত্ব দিতে চেয়েছেন।
