রাজনীতির আসল ‘সাপ্লাই লাইন’ সচল রাখতে হবে, বন্ধ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বিরোধী দলনেতা! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ বছর ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে চালুর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার ঘোষণা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার তাগিদে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক পক্ষকে ছাত্র ভোটের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, অতীতে কী ভুল হয়েছে তা নিয়ে বিতর্কে না গিয়ে মূল নজর হওয়া উচিত দ্রুত নির্বাচন সম্পন্ন করার দিকে, কারণ ছাত্র রাজনীতিই হল মূল রাজনীতির প্রধান উৎস।
দীর্ঘদিন ধরে ভোট না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির গণতান্ত্রিক কাঠামো ও সক্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অতীতে বহু শীর্ষ রাজনীতিবিদ ছাত্র আন্দোলনের মাধ্যমেই উঠে এসেছেন উল্লেখ করে তিনি জানান, কলেজে নির্বাচন না থাকায় এখন প্রাক্তনী ও বহিরাগতদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে। উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারি মাসে রাজ্যে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এবং পরবর্তীতে বহু কলেজেই ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সম্প্রতি উচ্চ শিক্ষা দফতর সরকারি কলেজগুলির পুরনো পরিচালন সমিতি ভেঙে নতুন সমিতি গড়ার সিদ্ধান্ত নেওয়ায়, বর্তমান প্রশাসনিক রদবদলের পর রাজ্য সরকার আদৌ ভোট করানোর পথে হাঁটে কি না, সেটাই এখন দেখার বিষয়।
