‘রাজনৈতিক পরিচয় কি আইনের ঊর্ধ্বে?’ চোরবাগান কাণ্ডে বিজেপি নেতাদের গ্রেফতারির দাবিতে তোলপাড় রাজনীতি! – এবেলা

‘রাজনৈতিক পরিচয় কি আইনের ঊর্ধ্বে?’ চোরবাগান কাণ্ডে বিজেপি নেতাদের গ্রেফতারির দাবিতে তোলপাড় রাজনীতি! – এবেলা

এবেলা ডেস্কঃ

চোরবাগান পদপিষ্টের ঘটনায় ১২ দিন পার হলেও তদন্তে স্বচ্ছতা নেই বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর মূল আয়োজক কমিটির সঙ্গে যুক্ত বিজেপি বিধায়ক বিজয় ওঝা, জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং দেবদীপ অধিকারীকে অবিলম্বে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জোরালো দাবি জানিয়েছেন ডায়মন্ড হারবারের এই সাংসদ। শুধুমাত্র কয়েকজন ‘চুনোপুঁটি’ বা ছোটখাটো অভিযুক্তকে গ্রেফতার করে প্রশাসন এত বড় বিপর্যয়ের দায় এড়াতে পারে না উল্লেখ করে, তিনি বিশেষ তদন্তকারী দলের (SIT) কাছে নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টার কঠোর সমালোচনা করে অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষমতার দম্ভ দেখিয়ে কাউকে রক্ষা করা যাবে না, কারণ রাজনৈতিক ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। নিরাপত্তার গাফিলতি থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে যুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়েছেন তিনি। সাত বছরের শিশু-সহ ১৯টি অমূল্য প্রাণের বিচারের দাবিতে তিনি জানান, সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হলে ভবিষ্যতে এর চরম মাশুল গুনতে হবে এবং দায়ী ব্যক্তিদের কঠোর আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *