রাজপুরা-শম্ভু রেললাইন বিস্ফোরণ কাণ্ড: আমেরিকা থেকে প্রত্যর্পণের পর গ্রেফতার মূল অভিযুক্ত

পাঞ্জাবের রাজপুরা ও শম্ভু স্টেশনের মধ্যবর্তী রেললাইনে বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই নাশকতার অন্যতম মূল অভিযুক্ত সুরিন্দর সিং ওরফে ঠিকরওয়ালকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই এনআইএ-র বিশেষ দল তাকে গ্রেফতার করে। চলতি বছরের ২৭ এপ্রিল ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রেললাইনে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটানো হয়েছিল।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, পাঞ্জাবে খলিস্তানি সন্ত্রাসবাদী কার্যকলাপের বিস্তার, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোই ছিল এই নাশকতার মূল উদ্দেশ্য। বিস্ফোরণের পরপরই অভিযুক্ত সুরিন্দর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি প্ররোচনামূলক ভিডিও পোস্ট করে ঘটনার প্রশংসা করেছিল। ওই ভিডিওতে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান জিন্দাবাদ ফোর্সকে সমর্থন জানানোর পাশাপাশি মৃত জঙ্গি জগরুপ সিং ও সন্ত্রাসী রঞ্জিত সিং ওরফে নিটার প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছিল।
অভিযুক্তের বিদেশযোগ ও পলাতক থাকার প্রবণতা থাকায় এনআইএ আগেই তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল। এছাড়া পাঞ্জাবের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এই গ্রেফতারির ফলে রাজপুরা-শম্ভু বিস্ফোরণ মামলায় ধৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়াল। এনআইএ জানিয়েছে, দেশের বাইরে বসে থাকা সন্ত্রাসবাদী এবং অভ্যন্তরীণ মদতদাতাদের নেটওয়ার্ক ভেঙে দিতে তাদের এই কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
