রাজারহাটে ভাড়া বাড়িতে বোমার স্তূপ! তীব্র বিস্ফোরণে উড়ল দেওয়াল, আটক ১ – এবেলা

রাজারহাটে ভাড়া বাড়িতে বোমার স্তূপ! তীব্র বিস্ফোরণে উড়ল দেওয়াল, আটক ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজারহাট: গভীর রাতে বিকট শব্দে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকা। একটি ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মজুত রাখা বোমা ফেটেই এই বিপত্তি। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

কীভাবে ঘটল এই বিস্ফোরণ? জানা গিয়েছে, মাত্র দুই-তিন দিন আগেই এক দালালের মাধ্যমে সুপারি বাগান এলাকার ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন দুজন ব্যক্তি। বাড়িওয়ালাকে তাঁরা জানিয়েছিলেন, শুধুমাত্র রাতে ঘুমানোর জন্যই তাঁরা ঘরটি ব্যবহার করবেন। গতকাল রাতে তাঁদের মধ্যে একজন হাতে একটি সাদা ব্যাগ নিয়ে ওই ঘরে ঢোকেন। প্রত্যক্ষদর্শী ও অন্যান্য ভাড়াটেরা জানান, ব্যাগটি রেখে বেরিয়ে যাওয়ার মাত্র ৫-৭ মিনিটের মধ্যেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি!

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই ঘরের দরজা ও দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পাশের দুটি ঘরও। সেসময় পাশের ঘরে থাকা এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার প্রচুর সুতলি বোমা: পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর সুতলি বোমা উদ্ধার করেছে। ওই ব্যক্তি সাদা ব্যাগে করেই বোমাগুলি এনেছিলেন, নাকি আগে থেকেই ওই ঘরে বিস্ফোরক মজুত করা হচ্ছিল— তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য।

ভাড়াটেদের ছদ্মবেশে ওই দুষ্কৃতীরা বড়সড় কোনও নাশকতার ছক কষছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় ওই বাড়ির অন্যান্য আবাসিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *