রাজ্যসভায় ৩ তৃণমূল প্রাক্তনী, ক্ষুব্ধ কর্মীদের শান্ত থাকার বার্তা দিলীপের – এবেলা

রাজ্যসভায় ৩ তৃণমূল প্রাক্তনী, ক্ষুব্ধ কর্মীদের শান্ত থাকার বার্তা দিলীপের – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যসভার টিকিট পেলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ— সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এই দ্রুত রাজনৈতিক পালাবদল এবং দিল্লির কাছ থেকে পাওয়া এই ‘পুরস্কার’ নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে এই তিন হেভিওয়েটের বিজেপিতে আসা এবং দ্রুত রাজ্যসভার প্রার্থী হওয়ার বিষয়টি দলের আদি কর্মীদের একাংশের মধ্যে তীব্র অস্বস্তি ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই আসরে নামেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ পরিষ্কার ভাষায় জানান, সংসদীয় রাজনীতির ময়দানে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “তাঁরা অভিজ্ঞতাসম্পন্ন সাংসদ ছিলেন এবং মোদীজির নেতৃত্বে কাজ করতে চেয়েছেন। সবচেয়ে বড় বিষয়, তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। অতীতে কে কোন দলে ছিলেন, সেই পুরনো বিষয় নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই।”

দিলীপ ঘোষ আরও বলেন, রাজ্যসভায় বিজেপির দক্ষ ও অভিজ্ঞ মুখের প্রয়োজন ছিল। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে বলেন, “যারা এই বিষয় নিয়ে অতিরিক্ত ভাবছেন, তাদের বেশি চিন্তার প্রয়োজন নেই। কেন্দ্রীয় নেতৃত্ব সব বুঝে সিদ্ধান্ত নিয়েছে।”

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে প্রথম ইস্তফা দেন। তাঁর পথ অনুসরণ করেন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও। পদত্যাগের মাত্র কয়েক দিনের মধ্যেই গত বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি সদর দপ্তরে তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেন এবং ওই রাতেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে। আগামী ২৪ জুলাই ভোট হলেও, বর্তমান সমীকরণে তাঁদের জয় এখন কেবল সময়ের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *