রাজ্যের বিভিন্ন শহরে তৈরি হবে স্ট্রিট ফুড হাব, হকারদের জন্য বিশেষ সোলার ই-কার্টের পরিকল্পনা

পিএম স্বনিধি প্রকল্প বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ ও দুর্গাপুর বিশেষ সম্মান পেয়েছে। এই সাফল্যের প্রেক্ষিতে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়িতে ‘স্ট্রিট ফুড হাব’ তৈরি করা হবে। প্রতিটি হাব নির্মাণে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হতে পারে। এর ফলে স্থানীয় জনপ্রিয় খাবার বিক্রেতারা এক ছাদের তলায় ব্যবসা করার সুযোগ পাবেন, যা ক্রেতাদের জন্যও সুবিধাজনক হবে।
হকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ ‘সোলার ই-কার্ট’ দেওয়ার পরিকল্পনাও নিয়েছে সরকার। বিক্রেতাদের পেশা ও প্রয়োজন অনুযায়ী এই কার্টগুলো কাস্টমাইজ করা হবে। যেমন, ফুল বা জামাকাপড় বিক্রেতাদের জন্য এক ধরনের কার্ট থাকবে, আবার ফুচকা বিক্রেতাদের জন্য থাকবে ভিন্ন ব্যবস্থা। কার্টের ওপর থাকা সোলার প্যানেলের সৌরশক্তি ব্যবহার করে ইন্ডাকশনে রান্নার সুবিধাও পাওয়া যাবে।
পুনর্বাসনের বিষয়ে মন্ত্রী জানান, টাউন ভেন্ডিং কমিটির তালিকা অনুযায়ী কাজ হবে। সরকারি পোর্টালে নথিভুক্ত হকাররাই পুনর্বাসনে অগ্রাধিকার পাবেন এবং তাঁদের স্বনিধি প্রকল্পের সুবিধা ও প্রশিক্ষণ দেওয়া হবে। তবে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। হকারদের জীবিকা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
