রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প, এবার মায়েদের অ্যাকাউন্টে সরাসরি ৫ হাজার টাকা! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের মায়েদের জন্য দারুণ সুখবর! নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে খুব শীঘ্রই ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ চালুর কথা ঘোষণা করেছেন। গর্ভবতী ও প্রসূতি মায়েদের অপুষ্টি দূর করতে এবং সদ্যোজাতের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বিশেষ প্রকল্পের অধীনে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৫ হাজার টাকা দেওয়া হবে, যা দুটি ধাপে মিলবে। অন্যদিকে, দ্বিতীয় সন্তান হিসেবে কন্যা জন্ম নিলে মায়ের অ্যাকাউন্টে এককালীন ৬ হাজার টাকা প্রদান করবে সরকার।
ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। প্রকল্পটির সুবিধা পেতে হলে আবেদনকারী মহিলাকে অন্তত ১৯ বছর বয়সী হতে হবে। মূলত গর্ভাবস্থায় যাদের আয় কমে যায়, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, কোনো সরকারি কর্মচারী বা সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত মহিলারা এই যোজনার আওতাভুক্ত হবেন না। উপযুক্ত নথিসহ অঙ্গনওয়াড়ি বা স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্তকরণ এবং নবজাতকের টিকাকরণ সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে এই সহায়তার টাকা পাওয়া যাবে।
