রাজ্যে ঢুকল বর্ষা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! – এবেলা

রাজ্যে ঢুকল বর্ষা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ

সময়ের হাত ধরেই রাজ্যে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনে জনজীবনে স্বস্তির হাওয়া লেগেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ-সহ পুরো রাজ্যে বর্ষা শুরুর উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বর্তমানে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে।

উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আগামী কয়েক দিন সাত থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় পাহাড়ি এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও গরমের দোলাচল

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আপাতত মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের মতো স্বস্তির খবর নেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়লে দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পারদ নামবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *