রাজ্যে প্রথম বাজেটেই বড় চমক! সিভিক, আশা থেকে প্যারা টিচার— একলাফে কাদের কত বেতন বাড়ল? – এবেলা
June 22, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসেই বাংলার বাজেটে বড়সড় চমক দিল বিজেপি সরকার। একদিকে জনমুখী, অন্যদিকে সংস্কারমুখী দিশা দেখিয়ে রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দিতে একাধিক ক্ষেত্রে কর্মীদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা করেছে রাজ্যের নতুন ‘ডাবল ইঞ্জিন’ সরকার।
একনজরে দেখে নিন কোন কোন পদে কত টাকা বেতন বাড়ল:
- আশাকর্মী: রাজ্যের আশাকর্মীদের কাজের স্বীকৃতি দিয়ে বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁদের মাসিক সাম্মানিক একধাক্কায় ৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
- প্যারা-টিচার: প্যারা-টিচার বা পার্শ্বশিক্ষকদের জন্যও সুখবর। তাঁদের মাসিক সাম্মানিক বেতনও ৫,০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছে রাজ্য সরকার।
- সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড: দীর্ঘদিন ধরে এই কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি উঠছিল। অবশেষে সেই দাবি মেনে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, হোম গার্ড, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের বেতন আগামী অগাস্ট মাস থেকেই ২,০০০ টাকা বাড়ছে।
- বাস কন্ডাক্টর: স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
- অবসরপ্রাপ্ত সাংবাদিক: সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবার থেকে মাসিক ৫,০০০ টাকার বিশেষ পেনশন চালু করার কথা ঘোষণা করেছে সরকার।
দীর্ঘদিনের দাবিদাওয়া মিটিয়ে নতুন সরকারের প্রথম বাজেটেই একগুচ্ছ বেতন বৃদ্ধির এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংশ্লিষ্ট কর্মী মহলে।
